পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে চুরির চেষ্টার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদক,
পরশুরাম: ফেনীর পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গুথুমা সর্দার কোনা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘরের ভেতরে কেউ প্রবেশ করেছে কি না কিংবা কোনো মালামাল খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলটি উত্তর গুথুমা সর্দার কোনা এলাকার সাহা পাড়া সড়কের মাথা থেকে কিছুটা পশ্চিমে। রাতের আঁধারে বসতঘরের টিন কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমনটি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে রাতে বসতবাড়ির নিরাপত্তা জোরদার ও সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে ঘরে প্রবেশ বা মালামাল চুরির বিষয়টি নিশ্চিত না হওয়ায় ঘটনাটিকে আপাতত বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টার অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :