কবির আহম্মেদ, মোল্লাহাট (বাগেরহাট)
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে তাছলিমা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার চরদারিয়ালা আশ্রয়ন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাছলিমা উপজেলার নগরকান্দী গ্রামের আলামিন বিশ্বাসের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তাছলিমার মা যখন রান্নাঘরে রান্না করছিলেন, তখন শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে সবার অলক্ষ্যে বাড়ির পেছনে পুকুরপাড়ে গিয়ে খেলাধুলা করতে শুরু করে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে সন্ধান চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই অবুঝ শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।
আপনার মতামত লিখুন :