জুম্মার দিন দরিদ্র ও সাধারণ মুসলমানদের জন্য অনেকটা হজের বিকল্প স্বস্তি নিয়ে আসে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শাহাবুদ্দিন মোহাম্মদ জামাল
বিশেষ প্রতিনিধিঃ
আজ শুক্রবার, মুসলিম জাহানের কাছে পবিত্র জুম্মার দিন। ইসলাম ধর্মে জুম্মার নামাজের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। এই দিনে মুসলমানরা একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করে থাকেন, শুনে থাকেন খুতবা, করে থাকেন দোয়া-মোনাজাত।
ইসলামী শরীয়তে বলা হয়েছে, যার ওপর হজ ফরজ হয়েছে, তার জন্য হজ করা বাধ্যতামূলক। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে অনেক দরিদ্র মুসলমানের পক্ষে জীবনে হজ করা সম্ভব হয় না। আলেমরা বলেন, জুম্মার দিন দরিদ্র ও সাধারণ মুসলমানদের জন্য অনেকটা হজের বিকল্প স্বস্তি নিয়ে আসে। এদিন মসজিদে এসে নামাজ পড়া, দোয়া করা, খুতবা শোনা—এসব আমলের মাধ্যমে গরিব মানুষও আল্লাহর রহমত লাভের সুযোগ পান।
হাদিসে এসেছে, জুম্মার দিনে এক বিশেষ মুহূর্ত থাকে, যে সময়ে দোয়া করলে তা কবুল হয়। তাই দিনটির মাহাত্ম্য উপলব্ধি করে মুসলমানরা বেশি বেশি ইবাদত, দোয়া ও দান-সদকা করে থাকেন।
আজকের জুম্মায় দেশের প্রতিটি মসজিদে লাখো মুসলমান উপস্থিত হয়ে নামাজ আদায় করবেন। গরিব-ধনী নির্বিশেষে সবাই একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবেন। সমাজবিজ্ঞানীরা বলেন, জুম্মার দিন শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি বিশেষ উপলক্ষ।
ইসলামি চিন্তাবিদদের মতে, যারা হজ করার সামর্থ্য পান না, তারা যদি জুম্মার দিন সঠিক নিয়মে ইবাদত করেন, তাহলে তা তাদের জীবনে হজের স্বাদ ও প্রশান্তি এনে দেয়।
আপনার মতামত লিখুন :