কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমন্বয়ক রাকিবকে ছাত্রদল থেকে বহিষ্কার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হাফিজুর রহমান, 
সাতক্ষীরা প্রতিনিধি



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক ছাত্র সমন্বয়ক রাকিব হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ১৭ই জুলাই ২০২৫ তারিখে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম এবং সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাকিব হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে তিনি ২০১৯ সালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মথুরেশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি এবং পরবর্তীতে ৭ই জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও, এই রাজনৈতিক সংশ্লিষ্টতা গোপন করে ২০২২ সালে মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন।

গত ৫ই আগস্টের আন্দোলনের সময় রাকিব হোসেন তার ক্যাডার বাহিনী নিয়ে উপজেলা জুড়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের এক বালু ব্যবসায়ী আছিয়ার কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর নাম ভাঙিয়ে প্রায় অর্ধ লক্ষ টাকা চাঁদা আদায় করেন।

জব্দকৃত বালু উত্তোলনের মেশিন ছাড়ানোর জন্য বালু ব্যবসায়ী আছিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আসলে রাকিব তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে নিজের চাঁদা নেওয়ার বিষয়টি একজন বিএনপি নেতার ওপর চাপাতে বলেন। এই বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল গত ২৬শে জুন তদন্ত করে উচ্চতর আদালতে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে একটি চিঠি দেন। পরবর্তীতে ভুক্তভোগী বালু ব্যবসায়ী ফেসবুকে লাইভে এসে আসল সত্য প্রকাশ করেন।

রাকিব হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য হাসিবুর রহমান হৃদয়ের ওপর সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। উপরোক্ত অভিযোগগুলো ছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে চরম অবহেলার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিব হোসেন সাংবাদিকদের জানান, এটি তার বিরুদ্ধে দীর্ঘদিনের একটি পরিকল্পিত চক্রান্তের বহিঃপ্রকাশ। তিনি ছাত্রলীগ ও চাঁদাবাজির বিষয়টিতে জড়িত নন বলেও দাবি করেন।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এসব অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিব হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ