মাহবুবুর রহমান, ময়মনসিংহ:
ঈদের আনন্দ আর প্রিয়জনদের সাথে কাটানো ছুটি শেষে আবারও চেনা ব্যস্ততায় ফিরতে শুরু করেছে মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরার পালা শেষ করে এবার জীবিকার তাগিদে কর্মমুখী মানুষের স্রোত নেমেছে ময়মনসিংহে। ফলে সকাল থেকেই ময়মনসিংহ রেল স্টেশনে ঢাকাগামী যাত্রী ও চাকুরিজীবীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ (রবিবার) সকাল থেকে ময়মনসিংহ রেল স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই নেই। রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে ফেরার জন্য হাজারো যাত্রী সকাল থেকেই স্টেশনে এসে অপেক্ষা করছেন। ট্রেন স্টেশনে আসামাত্রই শুরু হয়ে যাচ্ছে হুড়োহুড়ি।
স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে একসাথে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় যাত্রীদের এই অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকাগামী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলোতে তিল ধারণের জায়গা নেই। ট্রেনের ভেতরের কামরাগুলো যাত্রীতে ঠাসা, যার ফলে অনেক সাধারণ যাত্রী ও চাকুরিজীবীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কামরায় জায়গা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ট্রেনের দরজায় বা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন।
স্টেশনে অপেক্ষমাণ কয়েকজন চাকুরিজীবী যাত্রীর সাথে কথা বললে তারা জানান, ছুটি শেষ হওয়ায় আগামীকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে হবে। বাসের চেয়ে ট্রেনে যাতায়াত আরামদায়ক ও যানজটমুক্ত হওয়ায় তারা রেল পথকে বেছে নিয়েছেন, তবে স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে ওঠাই কঠিন হয়ে পড়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রীদের চাপ সবসময়ই একটু বেশি থাকে। যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ট্রেন চলাচলের জন্য স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :