নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ হবে: চসিক মেয়র


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ হবে: চসিক মেয়র
___________________________



চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহদাত হোসেন বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে। বর্তমানে নগরীতে ১১টি মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে। ৬ নভেম্বর শনিবার বিকেলে আগ্রাবাদের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, “৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বহরুপী মাঠ, ফিরোজশাহ মাঠ, সদরঘাটের বালুর মাঠ, বাকলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মহসিন কলেজ মাঠ, নাসিরাবাদ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, হালিশহর এইচ ব্লকের মাঠ—এসব স্থানে কাজ এগিয়ে চলছে। এগুলো শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের কেন্দ্র হবে।”

তিনি আরও বলেন, “বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ককে নতুনভাবে চালু করা হয়েছে। জাম্বুরি মাঠের একটি অংশও খেলাধুলার জন্য উন্মুক্ত করা হয়েছে। বিপ্লব উদ্যানও আধুনিকায়ন করে চট্টগ্রামবাসীর জন্য উপহার দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ উদ্যানে ঐতিহাসিক পটভূমিও সংরক্ষণ করা হবে।”

চাঁদগাঁওয়ের পরিত্যক্ত পার্কটি পুনরায় চালু করতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান মেয়র। তিনি বলেন, “আমবাগানের ওয়াসিম আকরাম পার্কসহ আরও কয়েকটি পার্কের উন্নয়নকাজ চলছে।”

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি. এম. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল সর্দার, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরসহ অন্যান্য অতিথিরা।


এনামুল হক রাশেদী, 
চট্টগ্রাম প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ