দুই পরিচয়পত্র নিয়ে রহস্য: ময়মনসিংহে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের তুলে দিল জনতা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোহাম্মদ দ্বীন ইসলাম, ময়মনসিংহ :
ময়মনসিংহ নগরীতে দুটি ভিন্ন পরিচয়পত্র বহন করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার নাম জিহাদ হাসান রাব্বি। তবে তার কাছে থাকা অপর একটি পরিচয়পত্রে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচয়পত্র বলে দাবি করা হচ্ছে, সেখানে মো. আর্ক আহাম্মেদ নাম ব্যবহার করা হয়েছে। একই ব্যক্তির কাছে দুটি ভিন্ন নামে পরিচয়পত্র পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসীর দাবি, দুটি পরিচয়পত্রের সত্যতা এবং আটক ব্যক্তির প্রকৃত পরিচয় নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বর্তমানে ওই ব্যক্তি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলোর সত্যতা কিংবা আটক ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তদন্ত শেষে এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।
আপনার মতামত লিখুন :