সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: ৬ যানবাহনকে জরিমানা, ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।
সুনামগঞ্জে শব্দদূষণ রোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার(০৬ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ০৬টি যানবাহনকে পৃথক ০৬টি মামলায় সর্বমোট ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে, অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১টি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার উক্ত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক এতে প্রসিকিউশন প্রদান করেন। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন সুনামগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মোহাইমিনুল হক জানান,
শব্দদূষণ একটি নীরব ঘাতক যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন মানুষের শ্রবণশক্তি হ্রাসসহ নানা মানসিক ও শারীরিক জটিলতা তৈরি করছে। জনস্বার্থে এবং শব্দদূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে।
যানবাহনে নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পরিবেশ অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :