পেশাদার সাংবাদিকতায় ‘কার্ডধারী’দের হানা: কলঙ্কিত হচ্ছে জাতির বিবেক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


শাহাবুদ্দীন মোহাম্মদ জামাল|

প্রধান সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর 

বর্তমান সময়ে দেশের সাংবাদিকতা এক চরম ক্রান্তিকাল পার করছে। একসময় সাংবাদিকতাকে ‘সেবা’ ও ‘পেশাদারিত্বের’ মানদণ্ডে দেখা হলেও, বর্তমানে কিছু অসাধু চক্রের কারণে এই মহৎ পেশা আজ প্রশ্নবিদ্ধ। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতাহীন বা ‘আন্ডার মেট্রিক’ পাস একদল অযোগ্য ব্যক্তি নামধারী কিছু গণমাধ্যমের পরিচয়পত্র (কার্ড) কিনে নিজেদের ‘সাংবাদিক’ হিসেবে পরিচয় দিচ্ছে। এতে করে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের সম্মান যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি কলঙ্কিত হচ্ছে পুরো সাংবাদিক সমাজ।

টাকা দিলেই মিলছে ‘সাংবাদিক’ কার্ড অনুসন্ধানে দেখা গেছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু ভূঁইফোড় অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব পত্রিকা নামমাত্র টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের হাতে প্রেস আইডি কার্ড তুলে দিচ্ছে। শিক্ষাগত যোগ্যতার কোনো তোয়াক্কা না করে এসব ব্যক্তি সাংবাদিকতার কার্ডকে ‘লাইসেন্স’ হিসেবে ব্যবহার করছে। তারা মূলত চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং ব্যক্তিস্বার্থ উদ্ধারের কাজে লিপ্ত থাকছে।

বিব্রত প্রকৃত সাংবাদিকরা 

দীর্ঘদিন ধরে সততার সাথে কাজ করা পেশাদার সাংবাদিকদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে। মাঠে কাজ করতে গিয়ে প্রকৃত সংবাদকর্মীরা এসব অপ-সাংবাদিকদের অপকর্মের কারণে সাধারণ মানুষের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন। সাংবাদিকতার মতো স্পর্শকাতর একটি পেশায় অপসংস্কৃতি ঢুকে পড়ায় খোদ এই পেশার গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

অপ-সাংবাদিকদের বয়কটের ডাক সচেতন সাংবাদিক সমাজ মনে করছে, এখনই এই অপ-সাংবাদিকদের রুখে দেওয়ার সময়। ভুয়া কার্ডধারী ও অপ-সাংবাদিকদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সতর্ক থাকার আহ্বান 

দেশের সকল স্তরের মানুষকে এসব ‘কার্ডধারী’ অপ-সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয় দিলেই বিভ্রান্ত না হয়ে তার পেশাদারিত্ব ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি।

​জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিকতাকে কলঙ্কমুক্ত করতে হলে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এই ‘অপসংস্কৃতি’র বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই সাংবাদিকতার হৃত গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ