ডেমরায় কেয়ারটেকারকে পিটিয়ে জয়নাল প্লাজার মালিকের জমি ও খামার দখলের অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ডেমরায় কেয়ারটেকারকে পিটিয়ে জয়নাল প্লাজার মালিকের জমি ও খামার দখলের অভিযোগ

_________________________________

রাজধানীর ডেমরা থানাধীন সাইনবোর্ড এলাকায় আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের মালিকানাধীন জমি ও গরুর খামার জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে মশিউর রহমান ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন কেয়ারটেকার মোঃ নুর ইসলাম। এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার বিবরণ

​অভিযোগ সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন ডগার মৌজার সাইনবোর্ড মোড় সংলগ্ন মতিন সাউদ রোডের পূর্ব পাশে সিটি ১২৬৫৭ নং দাগের ১৮.৭৫ শতাংশ সম্পত্তিতে জয়নাল আবেদীন বিগত ১৬ বছর ধরে মার্কেট ও গবাদি পশুর খামার পরিচালনা করে আসছিলেন। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫ ঘটিকায় মশিউর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত খামারে অতর্কিত হামলা চালায়।

​সন্ত্রাসীরা খামারের টিন, এঙ্গেল এবং কাঠের ফ্রেম ভেঙে ফেলে এবং পার্শ্ববর্তী ডগাইর এলাকার একটি লাকড়ির দোকানে লুট করা মালামাল বিক্রি করে দেয়। এ সময় কেয়ারটেকার নুর ইসলাম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​অভিযুক্তদের পরিচয়

​লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:

১. মশিউর রহমান, পিতা- মৃত মনসুর রহমান (জিগাতলা, ধানমন্ডি)।

২. মোঃ মির্জা মনির (৪৮), পিতা- মৃত লাল মিয়া (মাসদাইর, ফতুল্লা)।

৩. মোঃ সবুজ আহাম্মেদ (৩৮), পিতা- সিদ্দিক আহাম্মেদ (ডগার, ডেমরা)।

৪. রানা (৩৮), পিতা- মোহাম্মদ (তল্লা, ফতুল্লা)।

​নেপথ্যে 'নিষিদ্ধ' সংগঠনের দাপট

​স্থানীয় সূত্রে জানা গেছে, মশিউর বাহিনীর প্রধান সহযোগী সবুজ আহাম্মেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের ডেমরা থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা থাকলেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। সবুজ এলাকায় একক আধিপত্য বিস্তার করে চলেছেন। জমি দখলের বিষয়ে সবুজের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি কেবল "উপরের নির্দেশ" পালন করছেন।

​ভুক্তভোগীর বক্তব্য

​কেয়ারটেকার নুর ইসলাম বলেন, "আমি দীর্ঘ দিন ধরে জয়নাল সাহেবের সম্পত্তি দেখাশোনা করছি। তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি একা মানুষ হয়ে তাদের বাধা দিয়ে টিকতে পারিনি। মালিককে বিষয়টি জানিয়েছি এবং ছবি তুলে রেখেছি।"

​জমি ও খামারের মালিক আলহাজ্ব জয়নাল আবেদীন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজ ডেস্ক | ডেমরা, ঢাকা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ