সুনামগঞ্জে ২ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জে ২ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
_________________________________
সুনামগঞ্জ সদর উপজেলায় বায়ুদূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানের সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
এতে বিরামপুর এলাকার মেসার্স খন্দকার ব্রিকস এবং হালুয়ারঘাট বাজার এলাকার মেসার্স মিজান ব্রিকস ফিল্ড-কে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে শাস্তির আওতায় আনা হয়।
তাতে আর্থিক জরিমানা সহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি ইট ভাটা-কে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দিয়ে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এছাড়া আইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন সুনামগঞ্জ সদর থানা পুলিশ এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
সুনামগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শফিকুল বারী
সুনামগঞ্জ প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :