নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬, ট্রাক চালক আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক আব্দুর জাহের (৪০) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে, একই দিন দুপুর পৌনে ৩টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আটক আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। পথিমধ্যে কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের বিপরীত পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে মুখে করে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৪ জন নিহত হন। পরে আহত ২ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর কবিরহাট থানা পুলিশ ট্রাক চালককে নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফ এলাকা থেকে আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করেছে। চারটি মরদেহ থানায় এবং অপর দুটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


নোয়াখালী জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ