ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার উত্তেজনা ছড়িয়ে পড়ায় টহল জোরদার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার উত্তেজনা ছড়িয়ে পড়ায় টহল জোরদার
__________________________
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রবিবার রাত থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল ও রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল তরফদারের ব্যানারে রাত প্রায় ১০টার দিকে একটি রাজনৈতিক মিছিলের প্রস্তুতি লক্ষ্য করা গেলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
রবিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানা পুলিশ ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান। তাঁর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায়।
উদ্ধারের পর বিস্ফোরকগুলো তাৎক্ষণিকভাবে পানিভর্তি বালতিতে রাখা হয় বলে জানান ওসি রুকনুজ্জামান। তিনি বলেন, “যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।”
হঠাৎ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি বাড়িয়েছে।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :