শৈলকুপায় ন্যায্য মূল্যে সার সরবরাহ ও সিন্ডিকেটবিরোধী হাট সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ, সার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, কৃষকের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং জিকে সেচ প্রকল্পের সারাবছর পানি সরবরাহের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টায় উপজেলার কাতলাগাড়ি বাজারে বাংলাদেশ কৃষক সমিতি শৈলকুপা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রহুল আমিন জোয়ার্দার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদাত হোসেন, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য ওহাব মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস ও আতিক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ফসল ও বীজ সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু ও ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।
তারা অভিযোগ করেন, কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের জন্য কোনো কার্যকর কমিশন নেই। ‘ঐক্যমত কমিশন’ নামে যেটি রয়েছে, সেটিও কৃষকের জন্য কাজ করছে না।
বক্তারা কৃত্রিম সার সংকট, অসম বণ্টন ও সার সরবরাহে দুর্নীতির তীব্র সমালোচনা করে কৃষিপণ্যের লাভজনক দাম নির্ধারণসহ কৃষকদের ন্যায্য দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তারা আরও বলেন, কৃষক-শ্রমজীবী মানুষের মুক্তির জন্য বিকল্প রাজনৈতিক উত্থান এবং বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মোঃ আমোদ আলী
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :