চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ
__________________________________


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় অবস্থিত এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণ দাবিতে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। ১২ মার্চ(বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন—দৈনিক সংবাদের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু এবং দৈনিক পূর্বকোণের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি পূজন সেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তাকুর আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি স্থায়ী শ্রমিকদের চুক্তিভিত্তিক কাজে বাধ্য করার চেষ্টা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের উপেক্ষা করে নিজ এলাকার লোকজনকে কারখানায় নিয়োগ দিচ্ছেন বলে দাবি করেন শ্রমিকরা। এসব অভিযোগে তার অপসারণের দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

দৈনিক পূর্বকোণের প্রতিনিধি পূজন সেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে কারখানায় প্রবেশের অনুমতি চাইলে তাদের নিরাপত্তা কক্ষে বসতে বলা হয়। এ সময় ভেতর থেকে শ্রমিকদের একটি মিছিল বের হলে তারা ছবি তুলতে গেলে একদল শ্রমিক তাদের ওপর হামলা চালায়।

তিনি জানান, একপর্যায়ে তারা নিরাপত্তা কক্ষে আশ্রয় নেন। তবে সেখানে প্রায় দুই ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আহত দেবাশীষ বড়ুয়া রাজুকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, কারখানার সিবিওকে ঘিরে শ্রমিকদের অসন্তোষ থেকে বিক্ষোভের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবু আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ