সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ঘোষণার প্রত্যয় গিয়াসউদ্দিনের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হাসান আহমেদ প্রান্ত,
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন ঘোষণা দিয়েছেন, আজ থেকে সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত। তিনি বলেন, এলাকায় কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ চাঁদা দেবে না। যদি কেউ চাঁদা দাবি করে, তার হাত ভেঙে দিতে হবে।
সোমবার (১৪ জুলাই) বিকার ৫ টায় সিদ্বিরগঞ্জ পুল চত্বরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে গিয়াসউদ্দিন অভিযোগ করে বলেন, এই এলাকায় আওয়ামী দোসর, সাত খুনের ফাঁসির আসামি নূর হোসেন ও তার পরিবার এখনো সক্রিয়। জেলখানা থেকেই সে মোবাইল ফোনে এলাকাব্যাপী অরাজকতা ছড়িয়ে দিচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারা কর্তৃপক্ষ সতর্ক হোন। জেল থেকে নূর হোসেন কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে তার দায় আপনাদের নিতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, কাউকে চাঁদা দেবেন না। কেউ দাবি করলে শক্ত হাতে প্রতিরোধ করুন। না পারলে আমাকে জানান, আমরা ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন-শামীম ওসমান। তার লালিত সন্ত্রাসী ছিলো এই সাত খুনের প্রধান আসামি। সে শিমরাইলে নগ্ন নাচ, মদ, জুয়া, নেশা বাণিজ্য করে এক ‘স্বর্গরাজ্য’ গড়ে তুলেছিল।
তিনি বলেন, সেদিন যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, তারাও এসব অসামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে- নামাজ পড়ে, রোজা রেখে। ভাগ-বাটোয়ারা নিতে তারাও বসে থাকত। এ সংক্রান্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।
তিনি অভিযোগ করেন, আজ সেই পলাতক আসামির ভাই ও ভাতিজা এই এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হয়ে তারা চাঁদাবাজি, লুটপাট, জমি দখল, নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। তারা এখন পলাতক। কিন্তু তবু ঢাকাসহ আশপাশে সক্রিয় এবং জেল থেকে ফোনে যোগাযোগ করে মাস্তানি করছে।
তিনি দাবি করেন, এই সকল কর্মকাণ্ডের জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, অথচ ষড়যন্ত্রকারীরা নিজেরাই এসবের মূল হোতা।
সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম, থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলী, যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মঞ্জু, মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নানা স্লোগান দেয়।
আপনার মতামত লিখুন :