গাজী ওভারসিজ এজেন্সির রিপন মিয়ার বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
গাজী ওভারসিজ এজেন্সির রিপন মিয়ার বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
______________________________
বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর মগবাজার গুলসপ প্লাজা ভবনে অবস্থিত গাজী ওভারসিজ এজেন্সি-র সঙ্গে সংশ্লিষ্ট দালাল রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে কুমিল্লার বাসিন্দা খলিলুর রহমানকে সৌদি আরবের আলফারিস কোম্পানি-তে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী খলিলুর রহমান জানান, দালাল রিপন মিয়া তাকে আশ্বস্ত করেছিলেন যে আলফারিস কোম্পানির ভিসায় সৌদি আরবে পাঠানো হবে এবং সেখানে পৌঁছানোর পর কোম্পানি থেকেই কাজ, থাকা ও খাওয়ার সব ব্যবস্থা করা হবে। এসব প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং ধাপে ধাপে ৪ লাখ টাকা প্রদান করেন।
তবে সৌদি আরবে পৌঁছানোর পর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে অভিযোগ করেন খলিলুর রহমান। তিনি বলেন, “আমাকে যে কোম্পানির কথা বলা হয়েছিল, সেখানে কোনো কাজই পাইনি। তিন মাস পার হলেও এখনো ইকামা নাম্বার দেওয়া হয়নি, কোনো কাজ বা কোম্পানির সহায়তাও মেলেনি। সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।”
খলিলুর রহমানের অভিযোগ, দালাল রিপন মিয়া ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে তাকে বিদেশে পাঠিয়েছেন এবং টাকা আত্মসাৎ করেছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও প্রতিশ্রুত সমাধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে ভুক্তভোগী প্রবাসী খলিলুর রহমান ইতোমধ্যে বিষয়টি সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন-এর কাছে লিখিত অভিযোগ হিসেবে জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভুক্তভোগীর আইনগত সহায়তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ও প্রবাসী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অভিযুক্ত রিপন মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রবাসে কর্মসংস্থানের নামে এ ধরনের প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট ওভারসিজ এজেন্সিগুলোর ওপর কঠোর নজরদারি এবং দালালচক্রের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
মো: সেলিম রানা (সৌদি প্রতিনিধি)
আপনার মতামত লিখুন :