নরসিংদীর বানিয়াছলে প্রকাশ্যে চোলাই মদ ও ইয়াবা বিক্রির অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ, আবাসিক এলাকায় মাদকসেবীদের অবাধ যাতায়াতে উদ্বেগ
____________________________________________


তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদী শহরের বাজির মোড় ও বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অন্যের জমি দখল করে টিনশেড ঘর নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন ধরে চোলাই মদ ও ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৯৯৫ সাল থেকে ওই এলাকায় চোলাই মদের ব্যবসা চলে আসছে। সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর পরিবারের অন্য সদস্যরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে দাবি তাঁদের। পরিবারের এক সদস্য গ্রেপ্তার হলেও মাদক কারবার বন্ধ হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, মাদকসেবীদের অবাধ যাতায়াতে আবাসিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় মাদক কারবার বন্ধের দাবিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন।

তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে দখল করা জমি উদ্ধার এবং নির্মিত স্থাপনার বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রশ্ন—বছরের পর বছর ধরে এমন অভিযোগ চললেও কেন বন্ধ হচ্ছে না মাদক কারবার? তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে বানিয়াছল এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ