সড়ক ও সেতু দখল করে বালু ব্যবসা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সুনামগঞ্জ প্রতিনিধি।
​স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ী কওসরের বেপরোয়া কর্মকাণ্ডে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও এলাকাবাসীকে।
​সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী থেকে আকিলশাহ বাজার পর্যন্ত যাতায়াতের একমাত্র পাকা সড়কটি দখল করে নিয়েছেন এই ব্যবসায়ী। শুধু তা-ই নয়, মূল সেতুর ওপর বালুর বড় স্তূপ তৈরি করে রাখায় গ্রামীণ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখন ধসে পড়ার মুখে।

​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতুর ওপর বিশাল বালুর ডিপো বানিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সেতুর ওপর এভাবে অতিরিক্ত ভার রাখার ফলে যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর মূল কাঠামোরও মারাত্মক ক্ষতি হচ্ছে।

​সড়ক ও সেতুর বড় একটি অংশ বালু দিয়ে ঢেকে রাখার কারণে জনসাধারণের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। হালকা বৃষ্টি হলেই বালু আর মাটি মিশে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, যার ফলে ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী এবং স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপদে।

​এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে কওসর দীর্ঘদিন ধরে আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা না করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করার সাহস দেখালে তাকে উল্টো হয়রানি এবং নানা ধরনের হুমকি-ধমকির মুখোমুখি হতে হয়।

জনভোগান্তি দূর করতে এবং গুরুত্বপূর্ণ এই সড়ক ও সেতুটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রভাবশালী বালু ব্যবসায়ী কওসরের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে সেতুর ওপর থেকে দ্রুত বালুর স্তূপ সরিয়ে নিয়ে পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ