নিজস্ব প্রতিবেদক | ফেনী
ফেনী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মোহনা টিভির ছাগলনাইয়া প্রতিনিধি মো. নিজাম উদ্দিন মজুমদার সজীব। বর্তমানে তিনি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ প্রেসক্লাব (রেজিঃ নং ৯৮৭৩৬/১২) ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নেতৃবৃন্দ হাসপাতালে সজীবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি আজাদ মালদার, সাধারণ সম্পাদক এম এ দেওয়ানি, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. শহীদ এবং কোষাধ্যক্ষ মহিউদ্দিন মহি।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়ার ৯ নম্বর শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদী তীরবর্তী বাসিন্দাদের বসতভিটা ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। এমন ভয়াবহ চিত্র ধারণ করতে গেলে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্যরা সাংবাদিক সজীবের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সজীব বাদী হয়ে গত ৯ জুলাই রাতেই চিহ্নিত সন্ত্রাসী এমরান শিকদারসহ দুইজনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আপনার মতামত লিখুন :