নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের অসহায় বৃদ্ধা বিমলা রানীর মানবেতর জীবনযাপনের বিষয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিমলা রানীর বাড়িতে গিয়ে তাঁর হাতে দুই বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাল ও নগদ ৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি নসরতে খোদা রানা, প্রেসক্লাবের অন্যান্য গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এই সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতেও তাঁর প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।
পটভূমি:
গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, স্বামীর মৃত্যুর পর পারিবারিক বিরোধে ভিটেমাটি হারিয়ে প্রায় ৮০ বছর বয়সী বিমলা রানী দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে না পারায় নিয়মিত খাবার ও চিকিৎসাসেবা অনিশ্চিত হয়ে পড়েছিল।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাঁরা বলেন, অসহায় মানুষের বিপদে প্রশাসনের এমন উদ্যোগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও বিমলা রানীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :