ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংরক্ষিত বনভূমির ১০ হাজার চারাগাছ উপড়ে নদীতে ফেলে দিল দুর্বৃত্তরা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সংরক্ষিত বনভূমির উদ্ধারকৃত জায়গায় রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলে পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়া গ্রামের সাগুনী শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী জানান, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমিটি উদ্ধার করা হয়। পরে বনায়নের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়।

তিনি আরও জানান, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা সদ্য রোপণ করা প্রায় ১০ হাজার চারাগাছ উপড়ে পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে ভাসিয়ে দেয়। রবিবার সকালে সাগুনী শালবনের ফরেস্ট গার্ড আব্দুস সামাদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বন বিট কর্মকর্তা মহসিন আলী বলেন, উচ্ছেদ হওয়া অবৈধ দখলদারদের লোকজন আক্রোশবশত এ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদের এমন ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বন বিভাগের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ