প্রতারণা করে শামীম দ্বিতীয় বিয়ে, নির্যাতন ও বিষপানে হত্যাচেষ্টা থানায় লিখিত অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ময়না মোড় এলাকার বাসিন্দা হুসনে আরা খাতুন (৩২) নামে এক নারী প্রতারণা করে দ্বিতীয় বিয়ে, শারীরিক নির্যাতন এবং বিষপান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শামিম মিয়া (৩০) একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে হুসনে আরার সঙ্গে পরিচয় গড়ে তোলেন। একপর্যায়ে ব্যবসার কথা বলে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
লিখিত অভিযোগে হুসনে আরা দাবি করেন, গত ৯ জুন তাকে কৌশলে তুলে নিয়ে গিয়ে ভাবখালী ইউনিয়নের একটি কাজি অফিসে পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে বিয়ে করা হয়।
এরপর তাকে ফুলপুর উপজেলার একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :