সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ: উত্তপ্ত বগুড়ার আদমদীঘি
________________________________
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে সরকারি রাস্তার জায়গা জবরদখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার বেজার গ্রামের ‘মোবারকের মোড়’ নামক স্থানে এই ঘটনা ঘটে। এই জবরদখলের প্রতিবাদ করায় স্থানীয় সচেতন মহলের ওপর চড়াও হওয়ারও অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তের বিরুদ্ধে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বেজার গ্রামের মৃত রবেশ আলীর ছেলে মোবারক হোসেন গাড়োহালী মৌজার ৬৬৭ নং খতিয়ানের ১৬২৬ নং দাগের ওপর একটি হাসপাতাল নির্মাণ করে ভোগদখল করছেন। অভিযোগ উঠেছে, উক্ত দাগে মোবারক হোসেনের বৈধ সম্পত্তির পরিমাণ মাত্র পৌনে ছয় শতক হলেও তিনি আশপাশের সরকারি রাস্তার জায়গা দখল করে প্রায় ১২ শতক জমির ওপর স্থাপনা গড়ে তুলেছেন।
সর্বশেষ গত রবিবার (২৯ মার্চ) মোবারক হোসেন পার্শ্ববর্তী জনৈক সাইফুল ইসলামের সম্পত্তির সামনের সরকারি রাস্তা জবরদখল করে নতুন করে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। এ সময় এলাকাবাসী বাধা প্রদান করলে মোবারক হোসেন তাদের নানা ধরনের হুমকি-ধামকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইনি পদক্ষেপ:
সরকারি সম্পত্তি রক্ষার তাগিদে এবং অবৈধ দখলের প্রতিবাদে একই গ্রামের সাজেদুর রহমান নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীদের বক্তব্য:
এলাকাবাসীর দাবি, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ম্যাপভুক্ত রাস্তা বন্ধ করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেষ্টা করছেন মোবারক হোসেন। এতে ওই এলাকার সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সরকারি সম্পত্তি বেহাত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
মোঃ আনোয়ার হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :