ঝিকরগাছায় ‘সাজানো’ নারী হেনস্তার অভিযোগ: জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের দাবি বিএনপি নেতাদের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ঝিকরগাছায় ‘সাজানো’ নারী হেনস্তার অভিযোগ: জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের দাবি বিএনপি নেতাদের
________________________________



যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে ১০ জন জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগকে “পূর্বপরিকল্পিত ও সাজানো ঘটনা” বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।

সোমবার (২৬ জানুয়ারি) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, উপজেলা যুবদল সভাপতি, প্রয়াত বিএনপি নেতা নাজমুল ইসলামের ছোট ভাই আরাফাত কল্লোল ও সুমাইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল মুন্নী বলেন, ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামী প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ যশোর প্রেসক্লাবে যে অভিযোগ তুলে ধরেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভোটারদের বিভ্রান্ত করা এবং ভোট পাওয়ার উদ্দেশ্যেই এ অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

জামায়াত প্রার্থীর অভিযোগ ছিল, নির্বাচনি প্রচারণার সময় মহিলা জামায়াতের নেতা-কর্মীদের ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে, শ্লীলতাহানির চেষ্টা করে, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ অভিযোগের জবাবে বিএনপি নেতারা বলেন, প্রকৃত ঘটনা ভিন্ন। তাদের দাবি, কীর্তিপুর গ্রামের একটি বাড়িতে জামায়াতের কয়েকজন নারী কর্মী ভোট চাইতে গেলে বাড়ির নারী সদস্যরা বলেন, “এ বাড়িতে তো প্রার্থী আছেন, এখানে ভোট চাইতে আসার প্রয়োজন কী?” এ সময় জামায়াত কর্মীদের পক্ষ থেকে বলা হয়, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত থেকে বঞ্চিত’ হওয়ার কথা।

আরাফাত কল্লোলের দাবি, তিনি তখন বাড়িতে ছিলেন না। পরে বিষয়টি শুনে তিনি জামায়াত কর্মীদের কাছে এ কথার ব্যাখ্যা জানতে চান। কিছু কথাকাটাকাটির পর বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। কোনো ধরনের হামলা, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কল্লোল বিএনপি প্রার্থীর কর্মী হিসেবে কাজ করায় জামায়াত প্রার্থীর পক্ষের লোকজন তা মেনে নিতে পারছে না। যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
বিএনপি নেতারা জামায়াত প্রার্থীর আনা ফৌজদারি অভিযোগকে “ভিত্তিহীন” উল্লেখ করে এর প্রতিবাদ জানান।


মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ