গাঙ্গিনারপাড় কাঁচা বাজারে ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলদারদের হুঁশিয়ারি প্রশাসনের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি করপোরেশনের গাঙ্গিনারপাড় পালিকা মার্কেটসংলগ্ন কাঁচা বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৬ জুন ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উক্ত অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন।
অভিযানে সহযোগিতা করেন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন,
“সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে ব্যবসা করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে শুধু উচ্ছেদ করছি, তবে পরবর্তীতে যদি আবার কেউ ফুটপাত দখল করে, তাহলে আর জরিমানা নয়—সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হবে।”
তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো প্রভাবশালী হোক বা সাধারণ—আইনের ব্যত্যয় ঘটালে কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের একাংশ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানালেও অনেকে একটি স্থায়ী কাঁচা বাজার নির্ধারণের দাবি জানিয়েছেন, যাতে ভাসমান ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন না হন।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—ফুটপাত দখল করে কোনো ধরনের বেচাকেনা বরদাস্ত করা হবে না।
আপনার মতামত লিখুন :