ইনকিয়াদ আহমেদ রাফিন ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুই যমজ ছাত্রীকে নির্যাতন, মারপিট ও শ্লীলতাহানির অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ, ঝিকরগাছা থানা শাখা ও উপজেলা ইমাম পরিষদ।
২৫ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক এবং ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন।
লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় ৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসাটি। সম্প্রতি এক ছাত্রীর পায়ে অসাবধানতাবশত পেরেক ফোটা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের সাথে মাদ্রাসা পরিচালক মাওলানা আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে ওই ছাত্রীর অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করান, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবক (পালিত বাবা) সানোয়ার হোসেন, মা পারুল বেগম এবং দুই ছাত্রী রুমি ও সুমি (১০) ইতোমধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি স্বীকার করেছেন। রাগের বশবর্তী হয়ে এবং একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই অভিযোগ করেছিলেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
এ সময় অভিভাবক পারুল খাতুন পৃথক বক্তব্যে বলেন, “ভুল বোঝাবুঝি ও আবেগের বশবর্তী হয়ে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছি। পরে বিষয়টি উপলব্ধি করে আমরা দুঃখ প্রকাশ করেছি। প্রতিষ্ঠানের মানহানি হোক, এমনটি আমরা চাই না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবকগণ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের প্রতি সংবাদ প্রকাশের পূর্বে বস্তুনিষ্ঠভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
এছাড়াও অভিভাবক রেশমা খাতুন, লিপি খাতুন, রুবিনা রহমান, হাফসা খাতুন, সাকিয়া খাতুন, শুকজান বেগম, আছিয়া বেগমসহ অর্ধশতাধিক নারী অভিভাবক এবং উপজেলা ইমাম পরিষদ ও কওমি মাদরাসা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :