ছোট যমুনা নদী রক্ষায় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান নবাগত নওগাঁ পুলিশ সুপারের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ছোট যমুনা নদী রক্ষায় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান নবাগত নওগাঁ পুলিশ সুপারের
_______________________________
নওগাঁ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে রক্ষায় সামাজিক ও প্রশাসনিকভাবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি নদীটির অতীত ইতিহাস, বর্তমান সংকট এবং সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পোস্টে এসপি তারিকুল ইসলাম লিখেছেন, ছোট যমুনা নদী শুধু নওগাঁ নয়—উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন–জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে নদীটি দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলা অতিক্রম করে প্রায় ৫৬ কিলোমিটার পথ বয়ে গেছে। অতীতে এই নদী ছিল যাতায়াত, কৃষি উৎপাদন পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির প্রধান সহায়ক শক্তি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীটি তার স্বাভাবিক রূপ হারাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নির্বিচারে আবর্জনা ফেলা, পৌর এলাকার বর্জ্য প্রবাহ, শিল্পবর্জ্য, পলি জমে নাব্যতা কমে যাওয়া, নদীর বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণসহ নানা কারণে ছোট যমুনা আজ মারাত্মক সংকটে। নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। অনেক স্থানে নদী শুকিয়ে খাল–ডোবায় পরিণত হয়েছে, যার প্রভাব জলবায়ু, কৃষিকাজ ও বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, “নদী একটি দেশের রক্তনালীর মতো—নদী সুস্থ থাকলে প্রকৃতি ও অর্থনীতি সক্রিয় থাকে। আধুনিক প্রযুক্তি কিংবা সড়ক যোগাযোগ যতই উন্নত হোক, নদীর গুরুত্ব কখনোই কমে না।” তাই নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন, পরিবেশকর্মী ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নদী দখলমুক্ত করা, নিয়মিত বর্জ্য অপসারণ, সচেতনতা বৃদ্ধি, নদী পুনঃখনন এবং নদীতীরের পরিবেশ সংরক্ষণ—এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নিলে ছোট যমুনা আবার তার পূর্বের প্রাণচাঞ্চল্যে ফিরে আসবে বলে মনে করেন পুলিশ সুপার।
শেষে তিনি বলেন, “নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে—প্রকৃতি বাঁচলে আমরা সবাই বাঁচব।” তাই ছোট যমুনা রক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মাহবুবুজ্জামান সেতু,
নওগাঁ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :