আলেম সমাজের উচিত সাহাবিদের সমালোচনাকারীদের বিরুদ্ধে আলোচনা করা : বাবুনগরী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আল-আমিন সংস্থার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য
_____________________________
হেফাজতে ইসলামের আমির ও বিশিষ্ট আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, রাসূল (সা.)-এর হাতেগড়া সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য অনুকরণীয় আদর্শ। তাঁদের জীবনাচরণই মুক্তির পথ।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) হাটহাজারীতে আল-আমিন সংস্থা আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “সরল ও সঠিক পথে চলার মাধ্যমে মুসলমানরা জান্নাতের পথে পৌঁছাতে পারে। কিন্তু সাহাবাদের প্রতি অবজ্ঞা বা কটূক্তি খাঁটি মুসলমান হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।”
তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানান, “যারা সাহাবিদের সমালোচনা করে বা তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালায়—তাদের বিষয়ে আলোকপাত করা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক আলোচনা করা জরুরি। অন্যথায় ইলম গোপন করার অপরাধে কেয়ামতের দিন আমাদের অভিযুক্ত হতে হবে।”
মাহফিলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসির তুলে ধরে তথ্যবহুল ও জীবনমুখী আলোচনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা রিজওয়ান আরমান। ধারাবাহিক সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার।
এছাড়া আলোচক হিসেবে অংশ নেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতি রাশেদ, মুফতি রাফি বিন মুনির ও মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ।
মাহফিলের উপস্থিত মুসল্লিরা পবিত্র কোরআন, রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনাচরণ থেকে শিক্ষা নিয়ে ইসলামের পথে অবিচল থাকার জন্য দোয়া প্রার্থনা করেন।
মোঃ আতিক উল্লাহ চৌধুরী,
চট্টগ্রাম প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :