ময়মনসিংহ সাহিত্য সংসদের মঞ্চ ভাঙার উদ্দেশ্য কী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহ সাহিত্য সংসদের মঞ্চ ভাঙার উদ্দেশ্য কী?
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ এখন আর সাধারণ এক জেলা শহর নয়—এটি দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় সদরদপ্তর। এখানে রয়েছে শিক্ষা বোর্ড, সিটি করপোরেশন, জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি—সবই সরকারিভাবে গড়ে ওঠা নানা উন্নয়নমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের অংশ। কিন্তু এত কিছু থাকার পরেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পূর্ণাঙ্গ সাহিত্যচর্চা কেন্দ্র গড়ে ওঠেনি এই শহরে।
এই ঘাটতি পূরণে বিগত ৪০ বছর ধরে সরকারি জায়গায় বেসরকারিভাবে আত্মপ্রকাশ করে আসছে ময়মনসিংহ সাহিত্য সংসদ। এই সাহিত্য সংসদ শুধু লেখালেখির একটি আড্ডাস্থলই নয়, এটি হয়ে উঠেছে বহু গুণী সাহিত্যিকের জন্মভূমি। এখান থেকে উঠে আসা লেখকেরা দেশ-বিদেশে সাহিত্যকর্মের মাধ্যমে ময়মনসিংহের সুনাম ছড়িয়েছেন। এই সংসদের পরিধিতে শুধু কবি বা সাহিত্যিক নন, বরং আমলা, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ও আছেন।
বর্তমান প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী একাধিকবার এই সাহিত্য সংসদে এসেছেন এবং এখানকার সাহিত্য সংস্কৃতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবুও প্রশ্ন থেকে যায়—এই সংসদের ওপর আজ কেন আঘাত আসছে? কেন ভেঙে দেওয়া হলো এর মঞ্চ?
লেখালেখি এখন আর নির্দিষ্ট কোনো পেশাজীবী শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ নয়। লেখক মানে আর 'ভাবলেশহীন ভবঘুরে' নন, বরং সমাজের নানা শ্রেণির মানুষ আজ সাহিত্যচর্চায় যুক্ত হচ্ছেন। তাই একটি বিভাগীয় শহরে সাহিত্যচর্চার জন্য একটি স্থায়ী, সুপরিকল্পিত এবং সাংগঠনিক কাঠামোর প্রয়োজন রয়েছে—যেখানে তরুণ-তরুণী, গুণীজন ও নবীন লেখকেরা এক ছাদের নিচে মিলিত হতে পারবেন।
আমরা দ্বন্দ্ব চাই না, চাই সংলাপ। চাই ময়মনসিংহ সাহিত্য সংসদ আরও সমৃদ্ধ হয়ে উঠুক। এই প্রতিষ্ঠান হোক সবার জন্য উন্মুক্ত, যেখানে সকল মতাদর্শ, শ্রেণি ও চিন্তার মানুষ একত্রিত হয়ে সাহিত্যকে এগিয়ে নেবেন।
আমরা বিশ্বাস করি—
"সেই জাতি তত উন্নত, যে জাতির সাহিত্য তত উন্নত।"
ময়মনসিংহের সামগ্রিক উন্নয়নে যেমন ক্রীড়া ও সংস্কৃতি দরকার, তেমনি দরকার একটি শক্তিশালী সাহিত্যচর্চার ক্ষেত্র। তাই দাবি জানাই, ময়মনসিংহ সাহিত্য সংসদের ভাঙা মঞ্চটি পুনঃনির্মাণ করে এর কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।
আপনার মতামত লিখুন :