পীরগঞ্জে আল-হাসানা স্কুলে তিন ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য আন্তঃস্কুল শিখন ও গণিত উৎসব-২০২৬
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ঐতিহ্যবাহী আল-হাসানা স্কুল-এর তিনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী আন্তঃস্কুল শিখন ও গণিত উৎসব-২০২৬ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও গণিতভিত্তিক চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে আয়োজিত এ উৎসব স্কুল প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য আবহ সৃষ্টি করে।
শনিবার (১৮ জুলাই) সকালে পর্যায়ক্রমে স্কুলের মূল ক্যাম্পাস-২, ক্যাম্পাস-১ এবং ক্যাম্পাস-৪-এ পৃথকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। সকাল ৯টায় ক্যাম্পাস-২, সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস-১ এবং সকাল ১০টায় ক্যাম্পাস-৪-এ আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইত্তাশাম-উল হক মিম। তিনি ফিতা কেটে উৎসবের শুভ সূচনা করেন। পরে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কুলের উপদেষ্টা মো. মোজাম্মেল হক চৌধুরী, প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন এবং ক্যাম্পাস-৪-এর ইনচার্জ মো. খালেসুর রহমান।
বক্তারা বলেন, পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের শিখন ও গণিত উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এবারের উৎসবে তিনটি ক্যাম্পাসের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ক্যাম্পাস-১-এর নার্সারি থেকে সিনিয়র কেজি, ক্যাম্পাস-৪-এর প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং ক্যাম্পাস-২-এর ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শিখন উৎসব’ এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গণিত উৎসব’ শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমের আলোকে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাম্পাসেই ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি আরও ২০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।
আয়োজকদের মতে, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পাঠ্যবিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :