ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ। অভিযুক্ত লম্পট ধর্ষক পুলিশের হাতে আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় দিনেদুপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত লম্পট ভ্যানচালক মতলেব আলী (৫৫)-কে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা আমেনা খাতুন বাদী হয়ে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরী সাধারণত বাড়িতেই থাকত এবং বাড়ির আশেপাশে খেলাধুলা করত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার মা বাড়িতেই ছিলেন। ওই সময় কিশোরীটি বাড়ির পাশে একটি বাঁশবাগানের কাছে খেলা করছিল। এই সুযোগে তাদের পূর্বপরিচিত ভ্যানচালক মতলেব আলী কিশোরীটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়।
পরবর্তীতে সকাল ১০টার দিকে ছায়েরা বেগম নামের এক প্রতিবেশী পাশের বাঁশবাগানের ভেতরের মাটির রাস্তায় আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান। প্রতিবেশীর ডাক-চিৎকার শুনে কিশোরীর মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মতলেব আলী ভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় কিশোরীটিকে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশীর উপস্থিতিতে জিজ্ঞাসা করা হলে কিশোরীটি জানায়, তাকে খাবারের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাটি জানার সাথে সাথেই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করেছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন :