একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মাটিরাঙ্গা পৌরসভার ব্রীজপাড়ার বাসিন্দারা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম এ সিদ্দিক - খাগড়াছড়ি প্রতিনিধি।
মাটিরাঙ্গা পৌরসভার ব্রীজপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তিতে রয়েছেন প্রায় ৪০-৪৫টি পরিবারের বাসিন্দা, স্থানীয় নার্সারি ও বেকারি ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, প্রবেশ পথের রাস্তায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় ছোট শিশু ও বৃদ্ধদের বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো রাস্তা ডুবে যায়। এতে ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, একটি সঠিক ড্রেন নির্মাণ করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই আমাদের রাস্তা পানির নিচে চলে যায়। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। দ্রুত ড্রেন নির্মাণের দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘব করা হয়।
আপনার মতামত লিখুন :