ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে
_________________________________
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সুমনা বাদশা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় এ ঘটনা ঘটে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সুমনা বাদশা শরীরে ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
ডা. শাওন আরও জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদশা মিয়া (৬৫), আরাফাত (২২) এবং আবু বকর সিদ্দিক (১৬) নামে আরও তিনজন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তবে তাদের দগ্ধের পরিমাণ কম হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধামরাই পৌর এলাকার কিষাণ নগরে বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে ছিল। পরে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
সাইদুর রহমান (রুবেল মোল্লা):
ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :