খুলনা বিভাগের ৯ জনসহ ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনা বিভাগের ৯ জনসহ ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
___________________________



মিথ্যা তথ্য ও অসঙ্গতি পাওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে প্রকাশিত গেজেট তালিকায় দেখা যায়— অনেকে আহত ছিলেন না, কেউ আন্দোলনে অংশ নিলেও আহত হননি, আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। এসব অনিয়মের কারণে জেলা কমিটির সুপারিশে সংশ্লিষ্টদের গেজেট বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহতদের ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণিতে ভাগ করে তাদের সুবিধা প্রদান করছে সরকার।

গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহত ৪৯৩ জন ও গুরুতর আহত ৯০৮ জনসহ মোট ১,৪০১ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৪ মার্চ বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির ৭৭২ জন আহতের গেজেট প্রকাশ করা হয়। পরে আরও ১,২৪২ জন ‘গ’ শ্রেণির আহত যোদ্ধার তালিকাও প্রকাশ করে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আহত জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।

‘ক’ শ্রেণির অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

‘খ’ শ্রেণির (অঙ্গহানি) আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন।

‘গ’ শ্রেণির সামান্য আহতরা চিকিৎসার পর সুস্থ হয়েছেন; তারা চাকরি ও পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তবে কোনো ভাতা পাবেন না।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ