প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি, এক ব্যক্তি গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি, এক ব্যক্তি গ্রেফতার
______________________________
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বুরুরবাড়ি গ্রামে অবস্থিত চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ শামিমা সুলতানা (৪৫) বাদী হয়ে বুধবার সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে কয়েকজন শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে স্কুলের অগ্রগতি ও কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এ সময় মো. গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬)সহ আরও ২-৩ জন অনধিকার প্রবেশ করে কক্ষের দরজা বন্ধ করে পূর্বের দাবিকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকরা হতবাক হয়ে যান। সহকারী শিক্ষক মো. আজিজুল হকসহ অন্যদের সহযোগিতায় ডনকে আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত ডন সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের মৃত মনজুরুল হক ফুল বাবুর ছেলে।
এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং–১৪, তারিখ–২৯/১০/২৫, জিআর নং–১৪৭/২০২৫, ধারা ৪৪৮/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :