ময়মনসিংহ জংশনে জারিয়া লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের চেষ্টা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহ জংশনে জারিয়া লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের চেষ্টা
_____________________________
ময়মনসিংহ জংশন রেলস্টেশনে বড় ধরনের নাশকতার চেষ্টা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্টেশনের ওয়াসপিটে রাখা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা গ্যান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়।
স্টেশনে টহলে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ধোঁয়া দেখে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা আগুন ছড়িয়ে পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের পরনের জ্যাকেট পানিতে ভিজিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি এবং স্টেশনের অন্যান্য স্থাপনাও।
অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের ভেতরে খানিকটা পোড়া অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ট্রেনটিতে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাটি তদন্তে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দ্রুততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় নিরাপত্তা সদস্যদের কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :