চর বারইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও শিক্ষার করুণ চিত্র
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বাবু আহামদেন,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নে অবস্থিত চর বারইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফেজুর রহমান অভিযোগ করেছেন, বিদ্যালয়ের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) আবুল কালাম আজাদ বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপের টাকার বিনিময়ে ঘুষ গ্রহণ করতেন। তবে অভিযুক্ত এটিও আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। পাঁচজন সহকারী শিক্ষকের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। বাকি দুই শিক্ষক অনুপস্থিত থাকলেও তাদের অনুপস্থিতির কোনো লিখিত বা স্পষ্ট কারণ জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের অনিয়ম এখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার মান নিয়েও দেখা দিয়েছে মারাত্মক উদ্বেগ। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ‘class five’ শব্দটির সঠিক ইংরেজি বানান বলতে পারেনি। এ চিত্র প্রাথমিক শিক্ষার মান নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।
প্রধান শিক্ষক মোঃ হাফেজুর রহমান বলেন, “বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান দিন দিন অবনতি ঘটছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
এদিকে বিদ্যালয়ের এমন চিত্রে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা। তারা অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের অনিয়ম দূরীকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :