1
2
| প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, তিন ঘণ্টায় পুলিশের অভিযান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোহাম্মদ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়ামিন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগরপুর থানা পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ শামছুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী নাগরপুর থানাধীন দক্ষিণ দুয়াজানী এলাকার অভিযুক্ত ইয়ামিন মিয়ার বাড়িতে যায়। সেখানে সে তার দাদা শ্বশুরের সঙ্গে কথা বলছিল। এ সময় অভিযুক্ত ইয়ামিন মিয়া কৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরের ভেতরে ডেকে নেয়। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘরের ভেতরে কাঠের খাটে শুইয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. কামরুজ্জামান এজাহার পাওয়ার পরপরই অভিযানে নামেন। পুলিশের দ্রুত তৎপরতায় ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. ইয়ামিন মিয়াকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ জানায়, অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীর ওপর যৌন সহিংসতার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ভুক্তভোগী শিশুর পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর