নিজস্ব প্রতিবেদক | ৭ নভেম্বর ২০২৬:
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সকল রেঞ্জ ও জেলা কার্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণীতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা বলেন, তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার মাঝে এই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রে স্থিতিশীলতা ও বহুদলীয় রাজনীতির ধারা ফিরে আসে। দিনটি বাংলাদেশের জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, ঐক্য, সংহতি ও দেশসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। সদর দপ্তর থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত বাহিনীর সুসংগঠিত প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী অন্যান্য কর্মসূচিও পালিত হচ্ছে।