1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সংবিধান সংস্কার না করলে জনগণের লাল কার্ডে ক্ষমতার মসনদ ছাড়তে হবে- আল্লামা মামুনুল হক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদন:
সংবিধান সংস্কারের গণরায় বাস্তবায়ন না করলে জনগণের লাল কার্ডের মুখে ক্ষমতার মসনদ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক।
শনিবার রাতে কুষ্টিয়ার শহীদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আল্লামা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট। সংসদ নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠিত হলেও গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার সংসদ সদস্যদের শপথ গ্রহণ করালেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁদের শপথ গ্রহণ করায়নি। এর মাধ্যমে সরকার জনগণের গণরায়কে উপেক্ষা করেছে।
তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নিয়ে সরকার গঠন করেছেন, কিন্তু রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালনে এগিয়ে আসেননি। ক্ষমতায় গিয়ে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মতো গুরুত্বপূর্ণ খাত নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ফলে জনজীবনে নানা সংকট তৈরি হচ্ছে। নতুন সরকারের আমলে চাঁদাবাজি, ছিনতাই ও রাজনৈতিক সহিংসতার ঘটনাও আবার সামনে আসছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে উন্নয়নের নামে মেগা প্রকল্পের কথা বলা হয়েছিল, কিন্তু সেসব প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন তারেক জিয়ার সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলছে। কিন্তু কার্ড দিয়ে জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। জনগণ শুধু কার্ডের রাজনীতি দেখতে চায় না; তারা গণভোটের রায়ের বাস্তবায়ন চায়।
আল্লামা মামুনুল হক বলেন, সরকার যদি মনে করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়েই জনগণকে সন্তুষ্ট রাখা যাবে, তাহলে তারা ভুল করছে। জনগণের হাতেও একটি কার্ড আছে—সেটি লাল কার্ড। জনগণ সেই কার্ড দেখালে ক্ষমতার মসনদে টিকে থাকা সম্ভব হবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য বা কর্তৃত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি জনগণের দাবির প্রতি সম্মান না দেখায়, তাহলে সাত দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। প্রয়োজনে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেওয়া হবে। সে আহ্বানে সাড়া দিয়ে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য তিনি উপস্থিত জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর