1
2
| প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুরে ১০ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) :
দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। এ অভিযানে প্রায় ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৬০ হাজার ২৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার ‘ভুতের মোড়’ থেকে দপ্তিয়র ইউনিয়নের ‘নিশ্চিন্তপুর ঘাট’ পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের প্রায় ৬০ হাজার ২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীতীরবর্তী এলাকার জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে ‘ভুতের মোড়’ এবং দপ্তিয়র ইউনিয়নের ‘নিশ্চিন্তপুর ঘাট’ এলাকায় জব্দ করা সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মৎস্যসম্পদ রক্ষা, মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিতকরণ এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর