ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর রহমান এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করে তিনি বলেন, অপরাধ বা অপরাধীর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একইসাথে তিনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যেকোনো প্রকার আইন-বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার ব্যাপারেও কঠোর সতর্কবার্তা দেন।