বিশেষ প্রতিনিধি:
চোরাই মোবাইল উদ্ধারের নামে এক শিক্ষার্থীর আইনসংগতভাবে কেনা আইফোন (iPhone) জব্দ করে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। শুধু মোবাইল ফোনই নয়, মামলা বা ঝামেলার ভয় দেখিয়ে ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত রসিদ (ক্যাশ মেমো) সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী 'আয়ান' রাজধানীর যমুনা ফিউচার পার্কের 'অ্যাপেল হট' (Apple Hot) নামক একটি দোকান থেকে ১,০৫,০০০ (এক লাখ পাঁচ হাজার) টাকা মূল্যে একটি 'Iphone 16 Pro Max (256 GB)' হ্যান্ডসেট ক্রয় করেন। যার সঠিক ক্যাশ মেমো ও যাবতীয় কাগজপত্র শিক্ষার্থীর কাছে থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা তা চোরাই দাবি করে নিজের হেফাজতে নিয়ে নেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, আইফোনটি কেনার বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও দায়িত্বরত এসআই কোনো কথা না শুনে ফোনটি জব্দ করেন এবং পরবর্তীতে ঘটনাটি রফা-দফা করার নামে জোরপূর্বক ১৭ হাজার টাকা ঘুষ হিসেবে আদায় করেন।
একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীর ওপর এমন হয়রানি ও ঘুষ গ্রহণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক শাস্তির দাবি জানানো হয়েছে।