1
2
| প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এসআরবি-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারে আভিযানিক দল।
পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে নিয়ামতপুরের রাউতাড়া গ্রামে বসবাসকারী মো. তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মো. জিয়াউল হক (৪৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিসহ অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর