1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, ২০০ কৃষক পরিবারের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজায় প্রায় ২০০ কৃষক পরিবারের আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন। জমির মালিকানা ও দখলের স্বপক্ষে তাদের কাছে বিভিন্ন কাগজপত্র, খাজনা পরিশোধের রসিদ এবং আদালতে বিচারাধীন মামলার নথি রয়েছে বলে দাবি করেন তারা। তবে এসব তথ্য উপেক্ষা করে বন বিভাগ ওই জমিকে সরকারি বনভূমি হিসেবে দাবি করে সেখানে বনায়ন কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করা হয়।
কৃষকদের দাবি, বিষয়টি নিয়ে তারা কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। একই সঙ্গে জমির মালিকানা ও দখলসংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষিজমিতে কোনো ধরনের বনায়ন কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ২০০ ভূমিহীন ও প্রান্তিক কৃষক পরিবারের জীবিকা এই জমির ওপর নির্ভরশীল। জমিতে বনায়ন করা হলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে এবং সংশ্লিষ্ট পরিবারগুলো অর্থনৈতিক সংকটে পড়বে। এতে তাদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা যাচাই এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আদালতের রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে সব ধরনের বনায়ন কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি পীরগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনভূমি উদ্ধার এবং বনভূমি দখলমুক্ত করার লক্ষ্যে প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে। এরই মধ্যে বাঁশগাড়া মৌজার জমিকে কেন্দ্র করে কৃষক ও বন বিভাগের মধ্যে বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর