1
2
| প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে নদীতে গোসলে নেমে ভাসল তিন শিশু: একজনের মৃত্যু, নিখোঁজ পরীক্ষার্থী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নাঈম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইশা (১১) নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে করনাই সরকার গ্রামের সোহেল রানার ছেলে নাঈম, আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে নাফিসা—এই তিন শিশু মিলে টাঙ্গন নদীর আতাইঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে নাঈম ও মাইশাকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত শিশু নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়া অপর শিশু মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।
নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী নাফিসা করনাই এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা নদীতে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, "নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করবে।"
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর