1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ক্ষতি দোকান-যানবাহনের, বন্ধ সড়ক যোগাযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশ এলাকায় আকস্মিক ঝড়ে একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারজুড়ে, বন্ধ হয়ে যায় কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কের যান চলাচল।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঝড়ে বাজার এলাকার অন্তত ৮ থেকে ১০টি দোকান আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বেশ কয়েকটি দোকানের টিনের চালা উড়ে যায়, ভেঙে পড়ে দোকানের কাঠামো। একই সঙ্গে একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনেরও ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মুরগি ব্যবসায়ী সেলিম, কাপড় ব্যবসায়ী শাজাহান, মুদিদোকানি মোতালেব, প্রসাধনী ব্যবসায়ী স্বপ্না বেগম ও জামাল ইলেকট্রনিক্সের মালিক জামাল উদ্দিন। তারা জানান, আকস্মিক এ দুর্যোগে দোকান ও মালামালের বড় ধরনের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের পর সড়কের ওপর গাছ ও বড় ডালপালা পড়ে যাওয়ায় কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিকেল পর্যন্ত সড়কের দুই পাশে আটকে থাকে বিভিন্ন যানবাহন।
খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে। গাছ ও ডালপালা অপসারণ করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে আবেদন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পান।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর