নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বহুল প্রত্যাশিত নগর ভবন নির্মাণ প্রকল্প নীতিগতভাবে অনুমোদন লাভ করেছে। এই ঐতিহাসিক অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নীতিগত অনুমোদন প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ এই সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নিজে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানিয়েছেন, নতুন এই নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদনের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে এটি আধুনিকায়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।