1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রকাশ্যে এক যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ,কুমিল্লা।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মোঃ ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার . রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান বলেন, “সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিকভাবে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় গ্যাং-সংক্রান্ত হামলা হতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর